প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং(সি.এস.ই.) বিভাগের আয়োজনে শুরু হওয়া ৪ দিনব্যাপী সিএসই ফেস্ট- ২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত হয়। ১১ ডিসেম্বর ২০২৫ তারিখ বৃহস্পতিবার বিকালে পুরাতন প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই ফেস্টের সমাপনীপর্ব অনুষ্ঠিত হয়। সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, 'এই ফেস্ট প্রমাণ করে যে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ শুধু কম্পিউটার প্রোগ্রামিং নিয়েই কাজ করে না, তারা এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজেও সমানভাবে পারদর্শী। এই ফেস্ট-এ খেলা-ধুলার মাধ্যমে একইসাথে ফিজিক্যাল এবং মেন্টাল ডেভেলপমেন্টের সাথে সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তঃসম্পোর্কোন্নয়ন গভীর হয়েছে। লেখা-পড়ার পাশাপাশি, খেলা-ধুলা ও সাংস্কৃতিক দিকসহ সবকিছুতেই সামঞ্জস্যতা থাকা প্রয়োজন। সবদিকে সামঞ্জস্যতা বজায় রাখতে পারলে উভয় ক্ষেত্রেই উন্নতি করা সম্ভব হবে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এমনটিই করে দেখিয়েছে।'
সিএসই ফেস্ট- ২০২৫ এর সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সুজন আলী। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন সি.এস.ই. ফেস্ট ২০২৫ এর আহ্বায়ক প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সি.এস.ই. ফেস্ট ২০২৫ এর সদস্য-সচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুবুন নাহার। এসময় বিভাগের, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ৪ দিনব্যাপী এই ফেস্টে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রকার ইনডোর এবং আউটডোর খেলার আয়োজন করা হয়। ফুটবল, ক্রিকেট, ক্যারাম, দাবা, হাঁড়িভাঙ্গা, লুডু, বালিশ খেলা, টেবিল টেনিস ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া কম্পিউটার প্রোগ্রামিং কনটেস্টসহ মোট ২২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং অতিথিবৃন্দ। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় সিএসই ফেস্ট ২০২৫। গত ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সোমবার উদ্বোধনের মধ্য দিয়ে সিএসই ফেস্ট ২০২৫ আরম্ভ হয়।
