ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৫ পিএম
রবিবার ০৮, নভেম্বর ২০২৬ -- : -- --
ফাইল ফটো
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৫ম সমাবর্তনের নিবন্ধনের জন্য অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুর ২টায় আইসিটি সেলের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় এটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
এসময় সমাবর্তন রেজিস্ট্রেশন উপকমিটির সভাপতি প্রফেসর ড. ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপাচার্য প্রফেসর ড. একেএম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. ইয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. ইদ্রিস আলী। এছাড়াও আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. জাহিদুল ইসলাম, ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. মামুন আল রশীদ, সমাবর্তনের বিভিন্ন উপকমিটির আহ্বায়কবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উপাচার্য প্রফেসর ড. মতিনুর রহমান বলেন, পোর্টালের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা অনলাইনে আবেদন প্রক্রিয়া সহজে সম্পন্ন করতে পারবেন। উপকমিটির আহ্বায়কদের সঙ্গে বৈঠকে অধ্যয়নরত ও উত্তীর্ণ শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। সেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তুলনায় রেজিস্ট্রেশন ফি সাধ্যমতো কমানোর সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয় থেকে সান্ধ্যকালীন ডিগ্রি অর্জনকারীরাও সমাবর্তনের অংশগ্রহণ করে সনদ গ্রহণ করতে পারবেন।
প্রসঙ্গত, আগামী ২০২৭ সালের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে মাস্টার্সের ক্ষেত্রে ২০১৫-১৬ থেকে ২০২২-২৩ বর্ষ পর্যন্ত এবং অনার্সে ২০১২-১৩ থেকে ২০২০-২১ বর্ষ পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই পোর্টাল তৈরি করা হয়েছে। আগামী ১০ নভেম্বর ২০২৬ থেকে পোর্টালটি সবার জন্য উন্মুক্ত থাকবে। আগ্রহী শিক্ষার্থীরা https://convocation.iu.ac.bd/ ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।