প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগত এক প্রাইভেটকার চালকের ধাক্কায় দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মোটরসাইকেলের দুই আরোহী এবং প্রাইভেটকারের চালক রয়েছেন। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাধীন, তাঁর সহযাত্রী এবং প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেল। সোহেল নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার জন্য প্রাইভেটকারচালককে দায়ী করে মোটরসাইকেলচালক স্বাধীন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে আমি আমার লেনে আসছিলাম। তিনি (প্রাইভেটকারচালক) আমার লেনে আসছিলেন। সামনে এসে সিগন্যাল দিয়েছি, কিন্তু তিনি পিছন দিয়ে ধাক্কা দিয়েছেন।’
তবে মোটরসাইকেলচালকের অসতর্কতাকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেল।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. জহুরুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের পর তাদের মেডিকেলে পাঠানো হয় পরে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।’
তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ যতটুকু পাওয়া যাবে, সেটুকু পর্যবেক্ষণ করেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আলাদাভাবে তদন্ত করার খুব বেশি সুযোগ নেই। ফুটেজ দেখে যা বোঝা যাবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত কাশিয়াডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, ‘কীভাবে আহত হয়েছেন, আগে সেটা জানতে হবে। এরপর তাঁরা যেভাবে আইনগত ব্যবস্থা চাইবেন, আমরা সেভাবে আইনগত সেবা দেব।’
