গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ পিএম
শুক্রবার ১৬, অক্টোবর ২০২৬ -- : -- --
ছবি| ক্যাম্পাস রিপোর্ট
শুরু হয়েছে মেডিসিন ক্লাবের ২৭তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মিলনায়তনে এ সম্মেলন শুরু হয়। তিন দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করেছে মেডিসিন ক্লাবের গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিট।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। উদ্বোধন করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, এ.এইচ.এম. সফিকুজ্জামান, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. কাজী হাবিবুর রহমান এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আমিনুল ইসলাম।
এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে রাব্বী, ডা. মুহিব উল্লাহ খন্দকার এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. মনজুর কাদির আহমেদ।
সম্মেলনে বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। তিনি মেডিসিন ক্লাবের কার্যক্রম সম্প্রসারণ এবং শাখা বাড়ানোর আহ্বান জানান। তাঁর মতে, শিক্ষার্থীদের নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশের পাশাপাশি দরিদ্র রোগীদের চিকিৎসায় সহযোগিতা, রক্তদান ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমে এ ধরনের সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোগ প্রতিরোধ, প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসায় শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন চিকিৎসকদের অসহায় মানুষের চিকিৎসায় সহযোগিতাসহ মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মেডিসিন ক্লাবের সদস্যরা বিনা মূল্যে রক্তদান, ওষুধ সংগ্রহ এবং রোগীদের চিকিৎসায় সহযোগিতাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছেন। এসব উদ্যোগ শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও ব্যবস্থাপনার দক্ষতা বিকাশে সহায়তা করে।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজে যাত্রা শুরু করা মেডিসিন ক্লাব বর্তমানে দেশের ৩৫টি মেডিকেল কলেজে কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির পাঁচ হাজারের বেশি সদস্য মানুষের সেবায় কাজ করছেন বলেও জানান তিনি। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে মেডিসিন ক্লাবের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের শেষ সভায় আবেগঘন বক্তব্য দেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি রিফাত। তিনি জানান, ২০১৯ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ ইউনিটের মাধ্যমে মেডিসিন ক্লাবের সঙ্গে তাঁর পথচলা শুরু হয়। সাধারণ সদস্য থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সুযোগকে তিনি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন। তাঁর বক্তব্যে নেতৃত্বের অংশ হিসেবে সবার কথা শোনা, কঠিন সময়ে দায়িত্ব নেওয়া, সমালোচনা সহ্য করা এবং সংগঠনের জন্য ব্যক্তিগত সময় উৎসর্গ করার বিষয়গুলো উঠে আসে।