ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তাওহিদ ইসলাম
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১২ পিএম
শুক্রবার ১৬, অক্টোবর ২০২৬ -- : -- --
ছবি। ক্যাম্পাস রিপোর্ট
লিভার সিরোসিসে আক্রান্ত মায়ের চিকিৎসা নিয়ে অনিশ্চয়তায় দিন কাটছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেনের। মায়ের লিভার ট্রান্সপ্লান্টের জন্য প্রয়োজন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা। কিন্তু পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে এই অর্থ জোগাড় করতে পারছেন না তিনি। মায়ের চিকিৎসা চালিয়ে যেতে সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন এই শিক্ষার্থী।
শাহরিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি কুষ্টিয়া পৌরসভার মিলপাড়ার মোহিনী মোহন চক্রবর্তী সড়কে। বাবাহীন সংসারে মা, ভাই-বোন ও নানিকে নিয়ে তাঁদের পরিবার। শাহরিয়ার ও তাঁর বোনের টিউশনির আয়েই মূলত পরিবারের খরচ চলে।
পরিবার সূত্রে জানা যায়, গত আগস্টের শুরুতে দুর্বলতা ও শ্বাসকষ্ট নিয়ে শাহরিয়ারের মাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর ফ্যাটি লিভারজনিত (ম্যাশ) লিভার সিরোসিস শনাক্ত হয়। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, বারডেম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি।
গত ২৭ আগস্ট রক্তবমি, কালো পায়খানা ও পেট ফোলার উপসর্গ নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। লিভার সিরোসিসের পাশাপাশি তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাইপোথাইরয়েডিজম ও অ্যাজমায় ভুগছেন।
শাহরিয়ারের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ অক্টোবরের শুরুতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে তাঁর মায়ের লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে।
শাহরিয়ার বলেন, “বাবা না থাকায় সংসারের সব খরচ আমার ও আমার বোনের টিউশনির টাকায় চলছে। এই মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য এত টাকা বহন করার সক্ষমতা আমাদের নেই। হাসপাতাল থেকে জানানো হয়েছিল, অস্ত্রোপচারের খরচ সরকার বহন করলেও আনুষঙ্গিক অন্য সব ব্যয় পরিবারকে বহন করতে হবে। এসব খরচের জন্য আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকা প্রয়োজন। এই বিপুল অর্থ জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না।”
তিনি আরও বলেন, “মায়ের জীবন বাঁচাতে সময়মতো ট্রান্সপ্লান্ট অত্যন্ত জরুরি। আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু চিকিৎসার ব্যয় আমাদের সামর্থ্যের বাইরে। তাই সবার সহযোগিতা প্রয়োজন।”
মায়ের চিকিৎসায় সহযোগিতার আবেদন
শাহরিয়ারের মায়ের চিকিৎসায় সহায়তা করতে ইচ্ছুক ব্যক্তিরা নিচের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন।
বিকাশ/নগদ: ০১৯০৯-৩৯৫৫৬৬
ব্যাংক: ডাচ্-বাংলা ব্যাংক
হিসাব নম্বর: ১৬৮১০৫০৪০৭৪৯৫
রাউটিং নম্বর: ০৯০৫০০৯৪৯
সামর্থ্য অনুযায়ী সহযোগিতার মাধ্যমে মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরিতে সবার সহমর্মিতা কামনা করেছেন শাহরিয়ার ও তাঁর পরিবার।