প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৬ পিএম
‘ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’ প্রতিপাদ্যে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ডিম দিবস–২০২৬ উদযাপিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) র্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়।
সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস থেকে র্যালি বের হয়। পরে প্রাণিচিকিৎসা ও প্রাণিসম্পদ বিজ্ঞান অনুষদের আয়োজনে এবং প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল ও ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার সহযোগিতায় বিশেষ আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতায় এর ভূমিকা এবং প্রতিদিনের খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল প্রোডাকশন বিভাগের চেয়ারম্যান সাথী আক্তার। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রোটিনসহ শরীরের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদানের চাহিদা পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুষম খাদ্য ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন।
তাঁরা পুষ্টির সহজলভ্য উৎস হিসেবে ডিমের ব্যবহার বাড়ানো এবং ডিম খাওয়ার উপকারিতা নিয়ে সর্বসাধারণের মধ্যে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেন।
বিশ্ব ডিম দিবস ২০২৬-এর আন্তর্জাতিক প্রতিপাদ্য ছিল ‘প্রোটিন দ্যাট পাওয়ার্স অ্যান্ড প্রোটেক্টস’। এ বছর দিবসটি উদযাপনের ৩০ বছর পূর্তি হয়। বিশ্বব্যাপী দিবসটি প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার পালন করা হয়।
