প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পিএম
বাংলাদেশের ৬৪ জেলার পর্যটনকেন্দ্রের তথ্য তুলে ধরা, ভ্রমণ পরিকল্পনা সহজ করা এবং ভ্রমণকারীদের নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর সহায়তার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে ‘ট্রাভেলভার্সবিডি’ (TravelVerseBD) নামে একটি ডিজিটাল ভ্রমণ প্ল্যাটফর্ম তৈরি করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিয়ান পারভেজ। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ব্যবহার করে দেশের ভ্রমণ অভিজ্ঞতাকে আরও সহজ, স্মার্ট ও নিরাপদ করে তোলাই এ উদ্যোগের লক্ষ্য।
প্ল্যাটফর্মটির ওয়েবসাইট লিঙ্ক । এতে বাংলাদেশের বিভিন্ন জেলার পর্যটন গন্তব্য, ভ্রমণ নির্দেশিকা, সম্ভাব্য ব্যয়, স্থানীয় খাবার, সংস্কৃতি ও উৎসব সম্পর্কে তথ্য এক জায়গায় তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে ইন্টারঅ্যাকটিভ ভ্রমণ মানচিত্র, পরিচিত পর্যটনকেন্দ্রের পাশাপাশি স্বল্প পরিচিত স্থান খুঁজে পাওয়ার সুযোগ এবং ভ্রমণপ্রেমীদের জন্য বিভিন্ন ডিজিটাল সুবিধা।
ভ্রমণের আনন্দের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে প্ল্যাটফর্মটিতে। অপরিচিত স্থানে পথ হারানো, দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে সহায়তা পাওয়ার জটিলতা বিবেচনায় রেখে এতে জরুরি সহায়তা ব্যবস্থার পরিকল্পনা করা হয়েছে। এর মাধ্যমে বিপদে পড়া ব্যবহারকারী সাহায্যের আবেদন জানাতে পারবেন এবং সেই বার্তা প্ল্যাটফর্মের অন্য ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা থাকবে। এর উদ্দেশ্য হলো, প্রয়োজনে ভ্রমণকারীকে সম্ভাব্য সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া।
এ ছাড়া গন্তব্যভিত্তিক নিরাপত্তা নির্দেশনা, ভ্রমণের আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও সতর্কতামূলক তথ্য দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির মাধ্যমে ভ্রমণকারীদের প্রয়োজন অনুযায়ী তথ্য ও নির্দেশনা দেওয়ার লক্ষ্যও রয়েছে প্ল্যাটফর্মটির।
আরিয়ান পারভেজ বলেন, ‘বাংলাদেশের পর্যটন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ব্যাপক সম্ভাবনা রয়েছে। কোথায় ভ্রমণ করা যায়, কোন সময়ে কোনো গন্তব্যে যাওয়া উপযুক্ত, কীভাবে বাজেট নির্ধারণ করতে হবে এবং ভ্রমণের আগে কী ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন, এসব তথ্য যেন ভ্রমণকারীরা সহজেই এক জায়গায় পেতে পারেন, সেই লক্ষ্যেই ট্রাভেলভার্সবিডি তৈরি করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ভ্রমণকে আরও আকর্ষণীয় ও সহজ করতে প্ল্যাটফর্মটিতে ভ্রমণ পরিকল্পনা ও বাজেট নির্ধারণের সুবিধার পাশাপাশি ডিজিটাল ভ্রমণ পাসপোর্ট, ব্যাজ এবং ভ্রমণপ্রেমীদের মধ্যে যোগাযোগের সুযোগ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভ্রমণকারীরা নিজেদের অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র সম্পর্কে জানতে পারবেন।’
সিলেটের চা-বাগান ও হাওর, পার্বত্য অঞ্চলের পাহাড়, কুয়াকাটার সমুদ্রসৈকতসহ দেশের পরিচিত ও স্বল্প পরিচিত পর্যটনকেন্দ্রের তথ্য তুলে ধরে দেশীয় পর্যটনে আগ্রহ বাড়াতে চায় ট্রাভেলভার্সবিডি। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পর্যটকদের পরিচিত করা এবং দায়িত্বশীল ভ্রমণে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে প্ল্যাটফর্মটির।
শাবিপ্রবির শিক্ষার্থী আরিয়ান পারভেজের এ উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি ভ্রমণকারীদের জন্য সহজ ও নিরাপদ ভ্রমণ অভিজ্ঞতা তৈরির সম্ভাবনা রয়েছে।
