শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ০৫, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

রাবির জোহা হল থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার

রাবি থেকে মো.রেজওয়ান

প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে মশারির ওপর থেকে বিষধর কালাচ সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে হলের ১২১ নম্বর কক্ষে সাপটি দেখতে পান শিক্ষার্থীরা। পরে স্বেচ্ছাসেবী সংগঠন সোয়ানের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করা হয়।

জানা গেছে, সাপটি দেখতে পাওয়ার পর শিক্ষার্থীরা সোয়ানের সঙ্গে যোগাযোগ করেন। খবর পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা ঘটনাস্থলে পৌঁছান। পরে বন বিভাগের নির্দেশনা অনুযায়ী সাপটি উদ্ধার করা হয়।

সেভ ওয়াইল্ডলাইফ অ্যান্ড নেচার, রাবি শাখার সাধারণ সম্পাদক সামিত বিন রহমান ও সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ সাপটি উদ্ধার করেন। তাঁরা বলেন, সাপটি ‘পাতি কালাচ’ বা ‘পাতি কেউটে’ (Common Krait) প্রজাতির। এটি নিউরোটক্সিন বিষধর সাপ।

সাপটি উদ্ধারের বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ শেখ বলেন, ‘কমন ক্রেইট মারাত্মক বিষধর সাপ। এটি সাধারণত রাতে চলাচল করে। কামড় দেওয়ার পর অনেক সময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। ঘুমন্ত অবস্থায় এ সাপের কামড়ের ঘটনা ঘটতে পারে।’

তিনি বলেন, খাবারের সন্ধান কিংবা আশ্রয়ের জন্য কালাচ সাপ কখনো কখনো মানুষের বসতঘর ও বিছানায় উঠে আসতে পারে। এ ধরনের সাপের উপস্থিতি এড়াতে ঘরবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে মশারি বিছানার সঙ্গে ভালোভাবে গুঁজে ঘুমানোর পরামর্শ দেন তিনি।

এদিকে সোয়ানের পক্ষ থেকে শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, প্রশিক্ষণ ও বন বিভাগের নির্দেশনা ছাড়া কেউ যেন কোনো অবস্থাতেই বন্যপ্রাণী ধরতে বা স্পর্শ করতে না যান। এতে সাপের কামড়সহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।

Link copied!