প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর খেলাধুলা ও ক্রীড়া বিভাগের আয়োজনে এবং শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় ‘শহীদ হৃদয় চন্দ্র তরুয়া স্মৃতি আন্তঃহল ভলিবল টুর্নামেন্ট-২০২৬’ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টায় চবি জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেডিএস অ্যাপারেলস লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন চৌধুরী ও চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মো. হাবিবুর রহমান জালাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর জিএস সাঈদ বিন হাবিব।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চাকসুর খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন ও সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি। টুর্নামেন্টে ছাত্র হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয় শাহাজালাল হল এবং রানার্সআপ হয় শহীদ ফরহাদ হোসেন হল। ছাত্রী হলগুলোর মধ্যে চ্যাম্পিয়ন হয় প্রীতিলতা হল এবং রানার্সআপ হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল। এসময় বিভিন্ন হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন হল সংসদের প্রতিনিধিবৃন্দ, শারীরিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, ক্রীড়াবিদ, খেলোয়াড়বৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
