শুক্রবার ০৪, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ০৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ছেলে-মেয়েদের এক শৌচাগার : হাবিপ্রবিতে ওয়াশরুম বিড়ম্বনা

হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়

প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে (সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি)  তীব্র ওয়াশরুম বিড়ম্বনায় পড়েছেন  শিক্ষার্থীরা। অনুষদের একটি ওয়াশরুমের সামনে স্পষ্ট অক্ষরে 'পুরুষ ওয়াশরুম' (Male Washroom) লেখা থাকলেও, বাধ্য হয়ে সেটি ছেলে ও মেয়ে উভয় শিক্ষার্থীকেই ব্যবহার করতে হচ্ছে। এর ফলে প্রতিনিয়ত সেখানে তৈরি হচ্ছে চরম লজ্জাজনক পরিস্থিতি ও নানাবিধ অনাকাঙ্ক্ষিত বিড়ম্বনা।

শিক্ষার্থীদের অভিযোগ, অনুষদ ভবনে পর্যাপ্ত বা কার্যকর ওয়াশরুমের সুবিধা না থাকায় দীর্ঘদিন ধরে এই সমস্যা চলে আসছে। ছাত্রীদের জন্য আলাদা নিরাপদ বা ব্যবহারোপযোগী শৌচাগার না থাকায়, তারা নিরুপায় হয়ে এই পুরুষ চিহ্নিত ওয়াশরুমটিই ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, ওয়াশরুমটির প্রবেশমুখে পুরুষদের ব্যবহারের সাইনবোর্ড ঝুলছে। কিন্তু অনুষদের ক্লাস-পরীক্ষা চলাকালীন সময়ে ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের একই ওয়াশরুমে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় ওয়াশরুমের ভেতরে একজন অবস্থান করলেই বাইরে অন্য লিঙ্গের শিক্ষার্থীকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়, যা  শিক্ষার্থীদের জন্য অত্যন্ত বিব্রতকর ও লজ্জাজনক পরিস্থিতি তৈরি করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সামাজিক বিজ্ঞান অনুষদের এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, "একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এসে আমাদের ন্যূনতম মৌলিক অধিকার ও প্রাইভেসির জন্য এভাবে প্রতিদিন লজ্জায় পড়তে হবে, তা ভাবাই যায় না। পুরুষ লেখা ওয়াশরুমে ঢুকতে যেমন আমাদের অস্বস্তি হয়, তেমনি ভেতরে কোনো ছেলে থাকলে বাইরে দাঁড়িয়ে থাকাটা চরম মানহানিকর।"

আরেক ছাত্র বলেন, "এখানে সাইনবোর্ড দেওয়া থাকলেও এটি কার্যত একটি 'কমন ওয়াশরুম' হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় হুট করে ঢুকতে গিয়ে সহপাঠী বা অন্য ছাত্রীদের সামনে পড়তে হয়, যা দুজনের জন্যই অত্যন্ত বিড়ম্বনার।সে জানায় তালাবদ্ধ রুমটি মূলত ফিমেল ওয়াশরুম হওয়ার কথা। কিন্তু অতীতে এটি শিক্ষকরা ব্যবহার করলেও বর্তমানে সেটি বন্ধ-ই থাকে।আমরা দ্রুত ই এই সমস্যার সমাধান চাই।"

শিক্ষার্থীদের দাবি, অনুষদ কর্তৃপক্ষের এমন উদাসীনতা কোনোভাবেই কাম্য নয়। বিশ্ববিদ্যালয়ের মতো প্রগতিশীল জায়গায় যেখানে জেন্ডার সমতা ও শিক্ষার্থীদের অধিকার নিয়ে পড়াশোনা করানো হয়, সেখানেই এমন জেন্ডার-সংবেদনহীন ও অপরিকল্পিত ওয়াশরুম ব্যবস্থা অনতিবিলম্বে সংস্কার করা দরকার।

এই বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ আব্দুর রশিদ এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,"তিনি অসুস্থ অবস্থায় বর্তমানে মেডিকেলে আছেন।আগামি রবিবার তিনি বিষয়টি সরেজমিনে গিয়ে পরিদর্শন করবেন এবং খুব দ্রুতই শিক্ষার্থীদের এই  সমস্যার সমাধান করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।"

Link copied!