শুক্রবার ০৪, সেপ্টেম্বর ২০২৬

শুক্রবার ০৪, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

শাকসু নির্বাচন পুনরুদ্ধারে দ্রুত তারিখ ঘোষণার দাবি

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

হাইকোর্টের নির্দেশে স্থগিত হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন পুনরুদ্ধার ও দ্রুত নতুন তারিখ ঘোষণার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারন শিক্ষার্থীরা। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনের শুরুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের শাবিপ্রবি শাখার সেক্রেটারি আজাদ শিকদার বলেন, ‘ষড়যন্ত্রের মুখে ছয় মাসের জন্য স্থগিত হওয়া শাকসু নির্বাচনের সেই সময়সীমা পার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এর প্রতিবাদে এবং দ্রুত নির্বাচন আয়োজনের দাবিতে শিবির, ছাত্রশক্তি সহ ছয় থেকে সাতটি ছাত্রসংগঠনের প্রতিনিধিরা একত্রিত হয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি।পরবর্তীতে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়।

লিখিত বক্তব্যে ছাত্রশক্তির সদস্য সচিব রিয়াজ রসিদ বলেন, গত বছরের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছাত্র সংসদ নির্বাচন ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং হল দখল, অস্ত্রবাজি ও সিট বাণিজ্যের মতো অপসংস্কৃতি দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গত দেড় বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে আসছেন। প্রশাসনের নানা অজুহাত ও কালক্ষেপণের কারণে নির্বাচন প্রক্রিয়া বারবার পিছিয়ে গেছে।

নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে তারা মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেছেন। পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করা হলেও নির্বাচন আয়োজনের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এর মধ্যে ছাত্রদলের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে প্রশাসনের কাছে শান্তির দাবি জানানো হয় এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল শাকসু নির্বাচন বাতিলের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করে। এরপর নির্বাচন কমিশন শাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে।

ইসলামী ছাত্র মজলিশ শাবিপ্রবি শাখা সেক্রেটারি  জুনায়েদ আহমেদ বলেন,পরবর্তীতে শাবিপ্রবির শিক্ষার্থীদের ধারাবাহিক দাবির মুখে শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের স্থগিতাদেশের কারণে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে। বর্তমানে ওই স্থগিতাদেশের সময়সীমাও শেষ হয়েছে এবং জাতীয় নির্বাচনও সম্পন্ন হয়েছে। এরপরও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণায় কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যাচ্ছে না ।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা দুটি দাবি জানান। দাবিগুলো হলো-হাইকোর্টের স্থগিতাদেশের সময়সীমা শেষ হওয়ায় অবিলম্বে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শাকসু নির্বাচনের নতুন তারিখ ঘোষণা এবং শাকসু নির্বাচন স্থগিতের সঙ্গে জড়িত রিটকারী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ।

শিক্ষার্থীরা বলেন, তাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কোনো ধরনের কালক্ষেপণ না করে অবিলম্বে শাকসু নির্বাচন আয়োজনের কার্যক্রম গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এ সময় শিক্ষার্থীরা ঘোষণা দেন, দাবি আদায় না হলে আগামী রবিবার দুপুর ১টায় লাইব্রেরি ভবনের সামনে শাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

Link copied!