বুধবার ০৫, আগস্ট ২০২৬

বুধবার ০৫, আগস্ট ২০২৬ -- : -- --

ছাত্রলীগ ইস্যুতে জাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ,তিন প্রতিকৃতি অপসারণ

জাবিপ্রবি থেকে মোঃ জসিম উদ্দিন

প্রকাশিত: ০৪ আগস্ট ২০২৬, ০৩:১৭ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নতুন কমিটি গঠনের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। কর্মসূচির একপর্যায়ে ক্যাম্পাসের প্রধান প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতি অপসারণ করা হয়।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ছাত্রদল নেতাদের দাবি, গত ২৫ জুলাই পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠনের লক্ষ্যে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এর প্রতিবাদে জাবিপ্রবি শাখা ছাত্রদল এ বিক্ষোভের আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন। পরে তারা প্রধান প্রবেশপথে থাকা শেখ মুজিবুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও মির্জা আজমের প্রতিকৃতি অপসারণ করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক শাকিল আহমেদ এবং সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পরও ক্যাম্পাসে এসব প্রতিকৃতি বহাল থাকাকে তারা সমর্থন করেন না। তাঁদের ভাষ্য, স্বৈরাচারবিরোধী চেতনার অংশ হিসেবে প্রতিকৃতিগুলো অপসারণ করা হয়েছে। পাশাপাশি তারা বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সহযোগীদের কার্যক্রমের বিরুদ্ধে ছাত্রদল ভবিষ্যতেও অবস্থান অব্যাহত রাখবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Link copied!