প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১০:১০ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) 'প্রতিরোধ দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নারীদের জন্য 'অরুণিমা' ফিমেইল কর্ণার স্থাপনের কথা বলেছেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম।
রোববার (১২ জুলাই) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। মুখ্য আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘প্রতিরোধ দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের জন্য একটি কর্নার করা হবে। একটি নাম আমরা প্রস্তাব করেছি 'অরুনিমা কর্নার'। আর ওই কর্নারটি হবে ফিমেলদের জন্য রেস্ট নেয়ার জায়গা। সেখানে একটি হাইজিন সম্মত ওয়াশরুম থাকবে। তাদের নামাজ পড়ার জায়গা এবং ক্লাসের ফাঁকে সেখানে বিশ্রাম নেয়ার জায়গা। প্রয়োজনে সেই জায়গায় একটা আলাদা ব্রেস্ট ফিডিং কর্নার হবে।'
বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্যমতে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সূচনাপর্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সংঘটিত পুলিশি হামলার প্রতিবাদ এবং তাদের ঐতিহাসিক প্রতিরোধকে স্মরণীয় করে রাখতে সিন্ডিকেটের ১১০তম সভার সিদ্ধান্ত অনুযায়ী ১১ জুলাইকে আনুষ্ঠানিকভাবে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এ বছর প্রথমবারের মতো দিবসটি পালন করা হয়।
