রবিবার ১২, জুলাই ২০২৬

রবিবার ১২, জুলাই ২০২৬ -- : -- --

অজ্ঞান পার্টির খপ্পরে পরীক্ষার্থী,খোয়ালেন গহনা-প্রবেশপত্র 

তানহা তাবাসসুম পালিয়া,নোয়াখালী

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টির একটি চক্রের খপ্পরে পড়ে স্বর্ণালংকার, পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে পরীক্ষা দিতে পারেননি দুই পরীক্ষার্থী। গতকাল  শনিবার (১১ জুলাই-২০২৬)  সকাল সাড়ে ৯টার দিকে মাইজদী শহরের মেহরান ডাইন রেস্টুরেন্ট এলাকার সোনারপুর-চৌরাস্তা প্রধান সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুই ছাত্রী নোয়াখালী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। তাঁদের পরীক্ষাকেন্দ্র ছিল সোনাপুর কলেজ।

পুলিশ ও ছাত্রীদের পরিবারের সদস্যরা জানান, দুই এইচএসসি পরীক্ষার্থী একই এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বান্ধবী। আজ সকালে তাঁরা পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য হাউজিং এলাকা থেকে একটি অটোরিকশায় উঠেন পরে প্রধান সড়কের বড় মসজিদ মোড়ে আসলে যান্ত্রিক ত্রুটির কথা বলে অটোরিকশা চালক তাদেরকে নামিয়ে দেয়। এসময়  সোনাপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাদের সামনে এসে উঠতে বললে তারা তাতে উঠে পড়েন। অটোরিকশাটি পৌরবাজার পার হলে একই সিএনজি চালিত অটোরিকশায় থাকা অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তাঁদের অচেতন করে ফেলেন।

এ সময় প্রতারক চক্রের সদস্যরা ছাত্রীদের সঙ্গে থাকা সোনার গয়না, টাকাপয়সা, পরীক্ষার প্রবেশপত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যান। পরে অটোরিকশাচালক তাদের রেখে চলে গেলে স্থানীয় লোকজন পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা দুই ছাত্রীকে শহরের একটি হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তাঁরা নির্ধারিত এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এদিকে এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতংক বিরাজ করছে এবং অভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নে রয়েছেন। এ ঘটনায় অপরাধী চক্রকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হওয়ার আহ্বান সচেতন মহলের। 

নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনিরুল ইসলাম বলেন,  দুই শিক্ষার্থী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি এটি খুবই দুঃখজনক ঘটনা। তাদের পরিবারের পক্ষ থেকে আমার সাথে যোগাযোগ করা হলে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করি এবং বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা করে দিয়েছি যাতে তারা বাকি পরীক্ষা গুলোতে অংশগ্রহণ করতে পারে। 

জানতে চাইলে দুই এইচএসসি পরীক্ষার্থীর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ার বিষয়টি নিশ্চিত করেন সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। তিনি বলেন ঘটনা রহস্য উদঘাটন এবং অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। চক্রের সদস্যদের গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!