প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১১:২৫ পিএম
দাপ্তরিক শৃঙ্খলা ফেরাতে এবং দীর্ঘদিনের অযথা সময়ক্ষেপণের সংস্কৃতিতে লাগাম টানতে নতুন নির্দেশনা জারি করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) প্রশাসন। এখন থেকে উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য নির্ধারিত সময় মেনে চলার পাশাপাশি পূর্বানুমতি নেওয়াও বাধ্যতামূলক করা হয়েছে।
সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৬ মে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিছু শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে দাপ্তরিক কাজ ফেলে উপাচার্যের কার্যালয়ে দীর্ঘসময় অবস্থান করার প্রবণতা ছিল। প্রয়োজন ছাড়াই অনেক সময় ভিসি দপ্তরে ভিড় জমায় প্রশাসনিক কার্যক্রমের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছিল। নতুন উপাচার্য দায়িত্ব নেওয়ার পরও একই পরিস্থিতি অব্যাহত থাকায় প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।
প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, অনিয়ন্ত্রিত এ উপস্থিতি শুধু প্রশাসনিক কাজে বিঘ্ন সৃষ্টি করছিল না, বরং বিশ্ববিদ্যালয়ে এক ধরনের অস্বাস্থ্যকর সংস্কৃতিরও জন্ম দিচ্ছিল। এ বাস্তবতায় সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করা, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং পুরোনো অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি প্রয়োজন ছাড়া নির্ধারিত সময়ের বাইরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। নতুন নির্দেশনা অনুযায়ী, প্রতি কার্যদিবসে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষাতের সময় নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সাক্ষাতের আগে যথাযথ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বা পূর্বানুমতি গ্রহণ করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্বার্থে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন।
