রবিবার ১০, মে ২০২৬

রবিবার ১০, মে ২০২৬ -- : -- --

জাবির ৪৩তম ব্যাচের ‘এক যুগ পূর্তি উৎসব’

জাবি থেকে আব্দুর রহমান

প্রকাশিত: ১০ মে ২০২৬, ১২:২৮ এএম

৪৩তম ব্যাচের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘এক যুগ পূর্তি উৎসব’ বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনে মুখর ছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের ৪৩তম ব্যাচের শতাধিক প্রাক্তন শিক্ষার্থী।

সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব এবং প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম।

উৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে ছিল প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ। দিনব্যাপী আয়োজনে ছিল আনন্দ র‌্যালি, মধ্যাহ্নভোজ, স্মৃতিচারণ, খেলাধুলা, বৃক্ষরোপণ, র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা ও কনসার্ট। দীর্ঘ সময় পর পুরোনো বন্ধুদের সঙ্গে মিলিত হয়ে স্মৃতিময় মুহূর্তে ফিরে যান অংশগ্রহণকারীরা।

‘এক যুগ পূর্তি উৎসব’-এর আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, "বন্ধুত্বের ১২ বসন্ত পেরিয়েও প্রিয় ক্যাম্পাসে আবার সবাইকে একসঙ্গে পাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। বন্ধুদের অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সফল ও স্মরণীয় আয়োজন সম্পন্ন হয়েছে। আমাদের বন্ধুত্ব যুগ যুগ ধরে অটুট থাকুক।"

সদস্য সচিব শফিকুল ইসলাম শফিক বলেন, "বন্ধুত্বের এই বন্ধন আরও সুদৃঢ় ও বিস্তৃত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। এক যুগের পথচলায় আমরা অনেক প্রিয়জনকে হারিয়েছি। ভবিষ্যতে নিজেদের আরও প্রতিষ্ঠিত করে দেশ ও বিশ্বের জন্য নতুন কিছু করার চেষ্টা থাকবে।"

উৎসবের ট্রেজারার এ এস এম শফি কামাল বিপ্লব বলেন, "জীবন ও জীবিকার প্রয়োজনে আমরা আজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকলেও ৪৩তম ব্যাচের এই সম্পর্ক চিরকাল অটুট থাকবে, এটাই আমাদের প্রত্যাশা।"

Link copied!