শনিবার ০৬, জুন ২০২৬

শনিবার ০৬, জুন ২০২৬ -- : -- --

বিজয়ের দাম্পত্যে বড় বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

ফাইল ফটো

প্রথম আলো-এ প্রকাশিত খবরে জানা গেছে, দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়-এর দাম্পত্য জীবনে বড় সংকট দেখা দিয়েছে। ২৭ বছরের সংসার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁর স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। ইতিমধ্যে তিনি আদালতে বিচ্ছেদের আবেদন করেছেন।

সংগীতার অভিযোগ, এক অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয় এবং সেই সম্পর্ক দীর্ঘদিন ধরেই চলছে। বিচ্ছেদ আবেদনে তিনি উল্লেখ করেন, ২০২১ সালে প্রথম এ সম্পর্কের বিষয়টি জানতে পারেন তিনি। তখন বিজয় সম্পর্ক শেষ করার আশ্বাস দিলেও বাস্তবে তা করেননি। বরং সংশ্লিষ্ট অভিনেত্রীর সঙ্গে বিদেশ সফর করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ঘনিষ্ঠ ছবি প্রকাশ করেছেন বলেও অভিযোগ তোলেন সংগীতা।

১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয় ও সংগীতা। তাঁদের সংসারে জেসন সঞ্জয় ও দিব্যা শাশা নামে দুই সন্তান রয়েছে। সংগীতার দাবি, এই ঘটনার কারণে তিনি ও তাঁদের সন্তানরা সামাজিকভাবে অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

বিচ্ছেদ আবেদনে আরও বলা হয়েছে, দাম্পত্য সম্পর্ক এখন কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ। দীর্ঘদিন ধরে পারিবারিক দূরত্ব তৈরি হয়েছে। সংগীতার অভিযোগ, তাঁকে সামাজিক ও পেশাগত জীবন থেকে দূরে রাখা হয়েছে এবং তাঁর আর্থিক ও ব্যক্তিগত স্বাধীনতায়ও হস্তক্ষেপ করা হয়েছে।

এদিকে অভিনয়জগতে দীর্ঘ ক্যারিয়ারের পর রাজনীতিতে সক্রিয় হয়েছেন থালাপতি বিজয়। তিনি ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নামে একটি রাজনৈতিক দল গঠন করেছেন। রাজনীতিতে প্রবেশের পর থেকেই তিনি নানা বিতর্ক ও আলোচনায় রয়েছেন। এর মধ্যেই ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন নতুন করে চর্চার জন্ম দিয়েছে।

বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন। আনুষ্ঠানিকভাবে বিজয়ের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিনোদন অঙ্গন ও রাজনৈতিক মহলে এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে।

দীর্ঘদিনের তারকা দম্পতির এই বিচ্ছেদ সংবাদ ভক্তদের মাঝেও বিস্ময় সৃষ্টি করেছে। এখন দেখার বিষয়, আদালতের রায়ে শেষ পর্যন্ত কোন পথে এগোয় তাঁদের সম্পর্কের ভবিষ্যৎ।

Link copied!