জাককানইবি থেকে রবিউল ইসলাম শাকিল
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম
শনিবার ০৭, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --
বইপাঠ কর্মসূচি ও প্রতিযোগিতা
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে তরুণদের মেধা ও মনন বিকাশে ব্যতিক্রমী এক বইপাঠ কর্মসূচি ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৫ই ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক পাঠচক্র ‘মননসভা’-এর আয়োজনে এবং ‘Alliance for Innovation, Rights, Advocacy and Mobilization (AIRAM)’-এর পরিচালনায় এ কর্মসূচি সম্পন্ন হয়।
‘গ্রন্থপাঠ কর্মসূচি’ নামক এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে গভীর পাঠাভ্যাস তৈরি এবং বিশ্লেষণী চিন্তাশক্তির প্রসার ঘটানো। পুরো অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন শাহ বিলিয়া জুলফিকার। আয়োজনে বিচারক ও আলোচক হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উৎসাহ জোগান বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক মো. বাকীবিল্লাহ, নাট্যকলা বিভাগের প্রিন্সিপাল ডেমোনস্ট্রেটর আরিফ হাসান এবং বিশিষ্ট কলাম লেখক জেনাস ভৌমিক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানের ডিজিটাল আসক্তির যুগে বইপাঠই হতে পারে মনোযোগ ও আত্মবিশ্বাস বৃদ্ধির শ্রেষ্ঠ মাধ্যম। অধ্যাপক মো. বাকীবিল্লাহ তার বক্তব্যে পাঠচক্রকে একটি কার্যকর জীবনমুখী শিক্ষার ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। নাট্যব্যক্তিত্ব আরিফ হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত বই পড়ার অভ্যাস একজন মানুষকে নিজস্ব মতামত প্রকাশে সাহসী করে তোলে। অন্যদিকে, জেনাস ভৌমিক আইরাম-এর এই উদ্যোগকে একটি মেধাভিত্তিক সমাজ গঠনের ‘কারখানা’ হিসেবে বর্ণনা করেন।
কর্মসূচির অংশ হিসেবে জানুয়ারি মাসে আইরাম-এর পক্ষ থেকে পাঠচক্রের ১০ জন শিক্ষার্থীকে দেশি-বিদেশি ১০টি গুরুত্বপূর্ণ বই উপহার দেওয়া হয়। মাসব্যাপী পঠন শেষে শিক্ষার্থীরা তাদের লিখিত পর্যালোচনা (বুক রিভিউ) জমা দেন এবং সমাপনী দিনে পঠিত বইয়ের ওপর প্রাণবন্ত আলোচনায় অংশ নেন। অংশগ্রহণকারীদের পঠিত বইয়ের তালিকায় ছিল—‘যদ্যপি আমার গুরু’, ‘সুখ’, ‘দেশে বিদেশে’, ‘ছোটদের রাজনীতি ও অর্থনীতি’, ‘বিশ্ব রাজনীতির ১০০ বছর’, ‘বাংলাদেশ রক্তের ঋণ’, ‘ক্রাচের কর্ণেল’, ‘আমার দেখা রাজনীতির ৫০ বছর’, ‘রাজনীতি কোষ’ এবং বিশ্বসাহিত্যের ধ্রুপদী মহাকাব্য ‘ওয়ার অ্যান্ড পিস’।
আয়োজক সূত্রে জানানো হয়, পোস্ট-টেস্টের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবস্তুর গভীরতা যাচাই করে সেরাদের পুরস্কৃত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এই পাঠ আন্দোলনকে আরও সুসংহত করতে আইরাম ও মননসভা আগামীতেও যৌথভাবে কাজ করে যাবে।