প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ৯.৩০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।
উদ্বোধনকালে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সহ-শিক্ষা কার্যক্রমকে আমরা সব সময় উৎসাহিত করি। খেলাধুলা এর মধ্যে অন্যতম। খেলাধুলা করলে মন-মানসিকতা ভালো থাকবে। তিনি বলেন, ক্রীড়ার জন্য বাংলাদেশ বিশ্বে পরিচিত। এজন্য শুধু আজকের দিনে নয়, সব সময় শরীরচর্চা, খেলাধুলায় শিক্ষার্থীরা নিজেদের নিয়োজিত রাখবে প্রত্যাশা করি। আজকে এমন সুন্দর আয়োজনের জন্য এ হলের প্রভোস্ট, হল সংসদের ভিপি, জিএসসহ সকলকে ধন্যবাদ জানান উপাচার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ক্রীড়ায় ভালো অবদান রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপাচার্য।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার ও জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পতাকা, ডিনবৃন্দ ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ ও চাকসুর সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক তামান্না মাহবুব প্রীতি। বিচারকদের পক্ষে প্রধান বিচারক প্রফেসর মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ একা রাণী সরকারকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষক জনাব ফাতেমা আক্তার হিরামনি এর নেতৃত্বে এবং হলের শিক্ষার্থী জেবা তাহসিন সুচির অধিনায়কত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ শ্রুতি রাজ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি জনাব সুমাইয়া নুসরাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন তাহমিনা আফরোজ ও সুমাইয়া রহমান জেমি। প্রথম ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপাচার্য, উপ-উপাচার্য ও হল প্রভোস্ট পুরস্কার বিতরণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
