হাবিপ্রবি থেকে ডালিম চন্দ্র রায়
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম
শনিবার ১২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
হাবিপ্রবি অর্ক সাংস্কৃতিক জোটের নতুন সভাপতি মো. মুবতাসিম ফুয়াদ ও সাধারণ সম্পাদক রাবেয়া বসরী শর্মী।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘অর্ক সাংস্কৃতিক জোট’-এর ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মুবতাসিম ফুয়াদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাবেয়া বসরী শর্মী।
সংগঠনটির সংশ্লিষ্ট সূত্র জানায়, বিগত কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নবনির্বাচিত এই দুই শীর্ষ নেতৃত্ব আগামী এক বছর সংগঠনটির মূল চালিকাশক্তি হিসেবে দায়িত্ব পালন করবেন। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।
কমিটি ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. মুবতাসিম ফুয়াদ বলেন, “সত্য ও সুন্দরের সন্ধানী অর্ক সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৭ বর্ষে, আমি মুবতাসিম ফুয়াদ সভাপতি পদে নিয়োজিত হয়েছি। সত্য ও সুন্দরের সন্ধানী অর্ক সাংস্কৃতিক জোটের সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত। আমার ওপর আস্থা রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। হাবিপ্রবির সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ ও গতিশীল করতে সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
অর্ক সাংস্কৃতিক জোটকে হাবিপ্রবির সেরা সংগঠন হিসেবে গড়ে তুলতে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং অর্ক সাংস্কৃতিক জোটের সকলের সহযোগিতা কামনা করছি।”
এদিকে নতুন দায়িত্ব পেয়ে সাধারণ সম্পাদক রাবেয়া বসরী শর্মী নিজের অনুভূতি ব্যক্ত করে বলেন, “সত্যি বলতে, এই দায়িত্বটি আমার জন্য যেমন আনন্দের, তেমনি অত্যন্ত গর্বের এবং আবেগেরও। একটি সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া নিঃসন্দেহে আনন্দের বিষয়, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো—কেউ আমার ওপর বিশ্বাস রেখেছে, আমার সক্ষমতার ওপর আস্থা রেখেছে এবং আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছে। এই বিশ্বাসটুকুই আমার কাছে সবচেয়ে মূল্যবান। এই পথচলায় আমি শুধু নিজের জন্য নয়, অর্কের জন্য। অর্ক আমাকে যে বিশ্বাস দিয়েছে, আমি সেই বিশ্বাসটা রাখতে চাই।
এই নতুন দায়িত্বে আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করতে চাই এবং চাই আমাদের এই একসঙ্গে চলার পথটা হোক সুন্দর, সৃজনশীল, আনন্দময় এবং স্মরণীয়। সবশেষে, যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, আমাকে এই দায়িত্বের জন্য নির্বাচিত করেছেন এবং যারা এই পথচলায় আমার পাশে থাকবেন—সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। ইনশাআল্লাহ, একসঙ্গে আমরা অর্ককে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাব। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। জয় হোক সত্যের, জয় হোক সুন্দরের।”
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুস্থ ও প্রগতিশীল সাংস্কৃতিক ধারা বজায় রাখতে এবং দেশীয় সংস্কৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে অর্ক সাংস্কৃতিক জোট দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। নতুন এই কমিটির হাত ধরে সংগঠনের সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বাৎসরিক উৎসবসমূহ আরও অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনের সাধারণ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সাংস্কৃতিক কর্মীবৃন্দ।