শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাহির মুসান্না
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পিএম
শনিবার ১২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --
জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আলফা উলফসকে হারিয়ে চ্যাম্পিয়ন রেড ওয়ারিয়র্স।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর শিরোপা জিতেছে রেড ওয়ারিয়র্স। শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনালে আলফা উলফসকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।
বিকেল সাড়ে ৫টায় সৈয়দ মুজতবা আলী হল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচ শুরুর আগে বল গড়িয়ে ফাইনালের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেয়। একপর্যায়ে রেড ওয়ারিয়র্স জয়সূচক গোল করে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়ে গোল পরিশোধে একাধিক চেষ্টা করেও সফল হয়নি আলফা উলফস। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড ওয়ারিয়র্স।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের মানসিক বিকাশ, শারীরিক সুস্থতা এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে খেলাধুলার বিকল্প নেই। একাডেমিক চর্চার পাশাপাশি এ ধরনের টুর্নামেন্ট ক্যাম্পাসে সুস্থ ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি এ আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সৈয়দ মুজতবা আলী হল প্রশাসনকে ধন্যবাদ জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ. ফ. ম. জাকারিয়া, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর উল হায়দার।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন ছাত্রদল নেতা মো. আরফান উদ্দিন, মিঠু সরকার, ইব্রাহিম খলিল নিয়ন, শেফায়তুল ইসলাম ও মাহাবুর হাসান সৌরভ।
উল্লেখ্য, সৈয়দ মুজতবা আলী হলের আবাসিক শিক্ষার্থীদের নিয়ে গঠিত আটটি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। ফাইনাল শেষে পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হয়।