শনিবার ১২, সেপ্টেম্বর ২০২৬

শনিবার ১২, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

ইইই বিভাগে অধ্যাপককে স্থায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবি গবি শিক্ষার্থীদের

গণ বিশ্ববিদ্যালয় থেকে মারুফ হাসান

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পিএম

স্থায়ী বিভাগীয় প্রধান নিয়োগসহ বিভিন্ন দাবিতে গণ বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের শিক্ষার্থীদের আন্দোলন।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শামসি আরাকে দায়িত্ব থেকে সরিয়ে স্থায়ী বিভাগীয় প্রধান নিয়োগের দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। তাদের মূল দাবি, ইইই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে একজন অধ্যাপককে নিয়োগ দিতে হবে।

গতকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ‘এ’ ব্লকের ষষ্ঠ তলায় ইইই বিভাগে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের কক্ষে তালা দেন।

পরে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) ইয়াছিন আল মৃদুল দেওয়ান, ক্যান্টিন ও সমাজকল্যাণ সম্পাদক মনোয়ার হোসেন অন্তরসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থী প্রশাসনিক ভবনে অবস্থান নেন। তারা উপাচার্যের কাছে তাদের দাবিগুলো তুলে ধরেন।

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) প্রতিনিধি ও ইইই বিভাগের শিক্ষার্থী মনোয়ার হোসেন অন্তর বলেন, ইইই বিভাগের শিক্ষার্থীদের মূল দাবি ছিল বর্তমান ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের পরিবর্তন। শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগীয় প্রধান হিসেবে তিনি শিক্ষার্থীবান্ধব ভূমিকা পালন করছেন না এবং প্রয়োজনের সময় যথাযথ সহযোগিতা করেন না।

মনোয়ার হোসেন বলেন, গত এক বছর ধরে বিভাগে কোনো অধ্যাপক নেই। এ ছাড়া ১৩টি ল্যাবের বিপরীতে মাত্র একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট রয়েছেন। পর্যাপ্ত ক্লাস না পাওয়ার অভিযোগও রয়েছে শিক্ষার্থীদের। এসব দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন এবং ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের কক্ষে তালা দেন।

তিনি আরও বলেন, পরে ছাত্র সংসদের ভিপি ইয়াছিন আল মৃদুল দেওয়ান শিক্ষার্থীদের নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করেন। উপাচার্য আগামী সপ্তাহের মধ্যে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবুল হোসেন বলেন, ‘আমি চারবার চেষ্টা করেছি, প্রতিবারই কোনো না কোনো কারণে হয়ে ওঠেনি। আমার দিক থেকে চেষ্টা কম করিনি। আপাতত ফিজিক্স বিভাগে একজন আছেন, যিনি প্রাইম ইউনিভার্সিটিতে দীর্ঘ ২১ বছর ইইই বিভাগের প্রধান ছিলেন এবং ইইই বিভাগে ক্লাসও নিয়েছেন। একটা কাজ করতে পারি, আমি ওনাকে ইইই বিভাগে প্রধান হিসেবে দিয়ে দিতে পারি-আমার চিন্তাভাবনা রয়েছে।’

ইইই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক শামসি আরা বলেন, বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকেই একজন অধ্যাপককে স্থায়ী বিভাগীয় প্রধান হিসেবে চাচ্ছেন। তিনি অধ্যাপক নন, সহকারী অধ্যাপক। এ বিষয়ে তিনি আগেই প্রশাসনকে জানিয়েছিলেন যে তিনি বিভাগীয় প্রধানের দায়িত্বে থাকতে চান না। বিভাগের সমস্যাগুলোর কথাও প্রশাসনকে জানানো হয়েছে, তবে প্রশাসন ব্যবস্থা নেয়নি।

তিনি আরও বলেন, ‘গতকাল শিক্ষার্থীরা প্রশাসনের কাছে গিয়েছে। তাদের নতুন বিভাগীয় প্রধান নিয়োগের বিষয়েও জানানো হয়েছে। এতে আমার কোনো আপত্তি নেই।’

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে-নতুন বিভাগীয় প্রধান নিয়োগ, ইইই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে একজন অধ্যাপককে নিয়োগ, যথাযথ ক্লাসরুমের ব্যবস্থা এবং ১৩টি ল্যাবের বিপরীতে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট থাকায় আরও ল্যাব অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। তবে শিক্ষার্থীদের মূল দাবি নতুন বিভাগীয় প্রধান নিয়োগ। তাদের দাবি, ইঞ্জিনিয়ারিং বিভাগ হওয়ায় অধ্যাপক ছাড়া বিভাগটি চলতে পারে না। তাই একজন অধ্যাপককে বিভাগীয় প্রধান হিসেবে নিয়োগ দিতে হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ আগস্ট সহকারী অধ্যাপক শামসি আরা ইইই বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

Link copied!