প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের টাঙানো একটি ব্যানার নামিয়ে পুড়িয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটসংলগ্ন ওভারব্রিজে টাঙানো ব্যানারটি নামিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
ব্যানারটিতে শিক্ষার্থীদের বিভিন্ন দাবির কথা উল্লেখ ছিল। দাবিগুলোর মধ্যে রয়েছে—‘শিক্ষার পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে’, ‘শিক্ষার্থীদের বিরুদ্ধে চলমান অন্যায় অবসান করতে হবে’, ‘অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে’, ‘মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে’, ‘সকল শিক্ষার্থীর জন্য ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে’ এবং ‘সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে’।
ব্যানারটি পুড়িয়ে দেওয়ার বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরউদ্দিন বাবর বলেন, “কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং ক্যাম্পাসে নানা ধরনের নাশকতা বা স্যাবোটাজ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ ছাত্রলীগের সভাপতি সোহেলের ফেসবুক পোস্টের মাধ্যমে আমরা জানতে পারি, ডেইরি গেটে তাদের একটি ব্যানার লাগানো হয়েছে।”
তিনি বলেন, “পরবর্তীতে আমরা ছাত্রদলের নেতাকর্মীরা সম্মিলিতভাবে ব্যানারটি নামিয়ে ফেলি এবং পুড়িয়ে এর প্রতিবাদ জানাই। আমরা মনে করি, নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হওয়ার পর এই ক্যাম্পাসে তাদের আর কোনোদিন জায়গা হবে না। ছাত্রদল তাদের যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবসময় সজাগ ও সতর্ক থাকবে।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আবদুছ ছাত্তার বলেন, “সিকিউরিটি অফিসারের মাধ্যমে জানতে পেরেছি, ছাত্রলীগের একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে লাগানো হয়েছিল। পরবর্তীতে শিক্ষার্থীরা সেটি নামিয়ে ফেলেছে। নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের ব্যানার, পোস্টার বা প্রচার-প্রচারণা ক্যাম্পাসে করার কোনো সুযোগ নেই।”
