প্রকাশিত: ০৭ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের উদ্যোগে এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠান গতকাল ০৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যায় হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসারের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমিন এবং স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের সাবেক প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। হলের বিদেশি শিক্ষার্থীবৃন্দ জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে স্মৃতিচারণ করেন।
এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুস সালাম, প্রক্টর মো. ইসরাফিল প্রাং- সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা নানাভাবে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাহস, ত্যাগ ও আত্মদানের ইতিহাস বিদেশি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।
জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ন্যায়বিচার, সমতা ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
