প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:৪১ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগের বিষয়ে তদন্ত করতে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সূত্রে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ জন শিক্ষক পলাতক ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগে যুক্ত থাকার অভিযোগের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকের নামও রয়েছে।
অভিযোগের বিষয়ে তথ্যানুসন্ধানের জন্য প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. রেজাউল করিম-২-কে সভাপতি করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন,ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. গোলাম ছাদিক, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. আনিছুর রহমান এবং এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ। তাঁকে কমিটির সদস্যসচিব করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগের বিষয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দিতে কমিটির সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, গোপন যোগাযোগের অভিযোগের বিষয়টি তারা গভীর উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এ ধরনের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইন, বিচারিক প্রক্রিয়া ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখা হবে।
রাবি কর্তৃপক্ষ আরও জানায়, বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধির চর্চা, আইনের শাসন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবিধানিক বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল। তবে মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে রাষ্ট্র ও আইনবিরোধী কিংবা বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা নষ্ট করার কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযোগ প্রমাণিত হলে বাধ্যতামূলক অবসর, চাকরি থেকে অপসারণ বা বরখাস্তসহ প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বশীল আচরণ, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।
