বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬

বৃহস্পতিবার ০৬, আগস্ট ২০২৬ -- : -- --

কুবি বিএনসিসির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি

কুবি থেকে আহসান হাবিব রাফি

প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৯:২১ পিএম

ছবি। ক্যাম্পাস রিপোর্ট

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্লাটুনের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন এলাকা, প্রশাসনিক ভবনের পাশসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কর্মসূচি পরিচালিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক স্টাফ আব্দুল আউয়াল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিকসহ প্লাটুনের অন্যান্য ক্যাডেটরা।

জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে ক্যাডেটরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট আবু বকর ছিদ্দিক বলেন, "ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর মূলমন্ত্র 'জ্ঞান ও শৃঙ্খলা' ধারণ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ক্যাডেটরা রেজিমেন্টের নির্দেশনায় আজ এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়েছে এবং মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রমে আমরা নিয়মিত অংশগ্রহণ করব।"

বিএনসিসি ময়নামতি রেজিমেন্টের সামরিক প্রশিক্ষক স্টাফ আব্দুল আউয়াল বলেন, "আমাদের সম্মানিত ডিজি মহোদয়ের নির্দেশনার অংশ হিসেবে বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন আজকের এই পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান এবং যেখানে ডেঙ্গু মশার প্রজননের সম্ভাবনা রয়েছে, সেসব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। আমরা শুধু এবারই নয়, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করব। একই সঙ্গে ডেঙ্গুর মতো ভয়াবহ রোগের বিস্তার রোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজেদের চারপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।"

বিএনসিসি কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের প্লাটুন কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট (বিএনসিসিও) অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, "আজকের এই পরিচ্ছন্নতা অভিযান বিএনসিসির নিয়মিত কার্যক্রমের একটি অংশ। আমাদের সাপ্তাহিক প্রশিক্ষণে ক্যাডেটদের এ বিষয়ে শিক্ষা দেওয়া হয়। রেজিমেন্টের নির্দেশনা অনুযায়ী যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিএনসিসি কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেসব প্রতিষ্ঠানেই এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। আমরা এ কার্যক্রমকে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করে যাব।"

Link copied!