রবিবার ০৫, জুলাই ২০২৬

রবিবার ০৫, জুলাই ২০২৬ -- : -- --

নোবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের স্পোর্টস উইক-২০২৬ অনুষ্ঠিত

নোবিপ্রবি থেকে রাকিব মোহাম্মদ আরজু

প্রকাশিত: ০৫ জুলাই ২০২৬, ১০:০৭ এএম

ছবি।ক্যাম্পাস রিপোর্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সমাজকর্ম বিভাগের স্পোর্টস উইক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০২ জুলাই ২০২৬) বিকাল ৩টায় নোবিপ্রবি কেন্দ্রীয় খেলার মাঠে এ উপলক্ষে আয়োজিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম কোনো ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ। শিক্ষাজীবন থেকেই খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ ও সম্পৃক্ততা ছিলো উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ধারাবহিকভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, এধরনের ক্রীড়া আয়োজন শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমন সুন্দর আয়োজন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার প্রসার ও উৎকর্ষ সাধনে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব সোস্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চের অধ্যাপক ড. রবিউল ইসলাম এবং অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূইয়া। এতে সভাপতিত্ব করেন নোবিপ্রবি সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সিফাত-ই-মান্নান। এ সময় সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, খেলোয়াড় ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতায় নোবিপ্রবির সমাজকর্ম বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে ছাত্র, ছাত্রী এবং শিক্ষকদের জন্য পৃথক পৃথক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। ছাত্রদের ইভেন্টগুলোর মধ্যে ছিলো- ক্রিকেট, ফুটবল, বস্তাদৌড়, ব্যালেন্স মেইনটেইন ও দাবা। ছাত্রীদেও ইভেন্টগুলোর মধ্যে ছিলো- ক্রিকেট, লুডু, সুঁই-সুতা দৌড় ও মার্বেল দৌড়। পাশাপাশি শিক্ষকদের জন্য ছিলো লুডু প্রতিযোগিতার আয়োজন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

Link copied!