বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬

বুধবার ০৪, ফেব্রুয়ারি ২০২৬ -- : -- --

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ও করণীয় নিয়ে মতবিনিময়

ঢাবি থেকে আরিফ জাওয়াদ

প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২১ পিএম

মতবিনিময় সভায় বিভিন্ন পেশাজীবী নারীরা

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদন নিঃসন্দেহে একটি বড় অর্জন। তবে এটিকে আইন হিসেবে কার্যকর করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে অধ্যাদেশটি যেন কেবল নথিপত্রে সীমাবদ্ধ না থাকে, সে লক্ষ্যে আসন্ন সংসদের প্রথম অধিবেশনে এটি পাস করে আইনে রূপান্তরের দাবি জানিয়েছেন বিভিন্ন পেশাজীবী নারীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে নারী মৈত্রীর আয়োজনে ‘তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ ও পরবর্তী করণীয়’ বিষয়ে নারী ফোরামসমূহের সাথে এক মতবিনিময় সভায় বক্তাদের বক্তব্যে তা উঠে আসে। 

সভার স্বাগত বক্তব্যে নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আকতার ডলি বলেন, তামাকের ক্ষতি কেবল ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকির মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় অর্থনীতির ওপরও মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। টোব্যাকো এটলাস ২০২৫-এর তথ্যানুযায়ী বাংলাদেশে নারীদের মধ্যে ১১ শতাংশেরও বেশি নারী মৃত্যুবরণ করে তামাকজনিত রোগে। প্রতিবছর প্রায় ২ লক্ষ মানুষ মৃত্যুবরণ করছে এই তামাকজনিত কারণে। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি করেছে। এ জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। আমি আশাবাদী, এই অধ্যাদেশের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) শেখ মোমেনা মনি বলেন, তামাক খাত থেকে সরকার বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা রাজস্ব পেলেও, চিকিৎসা ব্যয়, কর্মক্ষমতা হ্রাস ও অকাল মৃত্যুর কারণে এই খাতে ক্ষতির পরিমাণ ৮৭ হাজার কোটি টাকারও বেশি। এই বিপুল ক্ষতি ও প্রাণহানি রোধের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদন করেছে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় সরকারের দৃঢ় অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরে। এই অবস্থান যদি পরবর্তী নির্বাচিত সরকারও অব্যাহত রাখে, তবে সংসদে আইনটি পাস হতে কোনো বাধা থাকার কথা নয়। সে কারণে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেও এই আইনের পক্ষে অবস্থান নিতে হবে।

বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান ও সিটিএফকে-বাংলাদেশ এর লিড পলিসি এডভাইজর মো. মোস্তাফিজুর রহমান বলেন, অনুষ্ঠিতব্য সংসদ নির্বাাচনের পর সংসদের প্রথম অধিশেনেই অধ্যাদেশটিকে পাস করে আইনে রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে আমাদের ব্যাপক জনসমর্থন আদায় করতে হবে, যাতে করে এটি একটি জনদাবী হয়ে ওঠে। তাহলে সরকার আর এটিকে উপেক্ষা করতে পারবে না।

এসময় ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সালাম মিয়া, নারী মৈত্রী মাদার্স ফোরামের আহ্বায়ক শিবানী ভট্টাচার্য, টিচার্স ফোরামের আহ্বায়ক ড. খালেদা ইসলাম এবং ইয়ূথ এডভোকেট রাইসুল ইসলাম ও শাহরীন ফেরদৌস বক্তব্য রাখেন। বক্তারাও অধ্যাদেশটির বাস্তবায়ন ও আইনে পরিণত করতে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে, তাদের বক্তব্যে উল্লেখ করে।

এর আগে গেল বছরের ৩০ ডিসেম্বর ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে রাষ্ট্রপতির অনুমোদনের পর ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ২০২৫’ গেজেট আকারে প্রকাশ করা হয়।

Link copied!