প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবসরপ্রাপ্ত দুই অধ্যাপক বিশ্ববিদ্যালয়টিতে ইমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন। ইমেরিটাস অধ্যাপকরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং নৃবিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.এফ.এম. ইউসুফ হায়দার।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে তারা যোগদান করেছেন। নিয়োগপত্র অনুযায়ী, নিজ একাডেমিক ক্ষেত্রসহ বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষা উন্নয়ন, গবেষণা ও উদ্ভাবনমূলক কার্যক্রমে পরামর্শ দেবেন। অবসর গ্রহণের আগে অধ্যাপক হিসাবে যে সুযোগ-সুবিধা ভোগ করতেন, বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা ব্যতীত সেসব সুবিধা ৮৫ বছর বয়স পর্যন্ত প্রাপ্য হবেন। এছাড়া তিনি গবেষণা ও প্রকাশনার জন্য পাঠাগার ব্যবহার, সেক্রেটারিয়াল সহায়তা এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ একজন শিক্ষাবিদ, মানববিজ্ঞানী ও লেখক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুদীর্ঘ ৪২ বছর শিক্ষকতার পাশাপাশি তিনি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া ভারত ও যুক্তরাজ্য থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি বাহরাইনে রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার গবেষণা প্রবন্ধের সংখ্যা প্রায় ২৪টি। অন্যদিকে অধ্যাপক ইউসুফ হায়দার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, সেমিকন্ডাক্টর টেকনোলজি রিসার্চ সেন্টারের পরিচালক, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, বিজ্ঞান অনুষদের ডিন এবং সূর্য সেন হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
