সোমবার ২১, সেপ্টেম্বর ২০২৬

সোমবার ২১, সেপ্টেম্বর ২০২৬ -- : -- --

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে প্রাণ গেল চবি শিক্ষার্থীর

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পিএম

সাজিদ শাহারিয়ার সানম (২৪)

শাহিদুল ইসলাম, চবি প্রতিনিধি; রাঙামাটির কাপ্তাই উপজেলায় কর্ণফুলী নদীতে ডুবে সাজিদ শাহারিয়ার সানম (২৪) নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাঙামাটি  উপজেলার সীতার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নাছির উদ্দীনের ছেলে।

জানা গেছে, নরসিংদী ও ঢাকা থেকে আসা নয়জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইডের সঙ্গে তারা সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। ট্র্যাকিং শেষে পাহাড় থেকে নেমে দুপুর দেড়টার দিকে সীতার ঘাটের পাথরঘাটা এলাকায় কর্ণফুলী নদীতে হাত-মুখ ধুতে নামেন তারা। এ সময় স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান সানম।

সানমের বন্ধু সাইফুল ইসলাম বলেন, ‘আমরা নয়জন ঢাকা থেকে এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষে নদীতে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নামি। মুহূর্তের মধ্যে আমাদের বন্ধু সানম পানিতে তলিয়ে যায়। আমরা নিজেদের মতো করে অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।’

খবর পেয়ে কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে নদী থেকে সানমের মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সহপাঠী ও বন্ধুদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!