সোমবার ০৯, নভেম্বর ২০২৬

সোমবার ০৯, নভেম্বর ২০২৬ -- : -- --

১৬ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে মুট কোর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পিএম

ছবি । ক্যাম্পাস রিপোর্ট

১৭তম হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুট কোর্ট প্রতিযোগিতার বাংলাদেশ জাতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের দল অংশ নেয়।

গত ৬ ও ৭ নভেম্বর আইইউবি ক্যাম্পাসে প্রতিযোগিতার মৌখিক পর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৬টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাজুড়ে আইনি যুক্তি উপস্থাপন, বিচারিক বিশ্লেষণ, নিষ্ঠা ও দলীয় সমন্বয়ের মাধ্যমে অন্য দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুট কোর্ট দলে ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মো. গাজী মুজিরু, নাফিসা তাবাসসুম ও মোহাম্মদ ইবনে আলম।

দলটিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও ডিইউএমসিএসের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক এবং সংগঠনটির প্রধান মডারেটর সহযোগী অধ্যাপক ড. ফারজানা আক্তার। এ ছাড়া আইন বিভাগের প্রভাষক মনিরুজ্জামান দলটির প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সাফল্যে দলটিকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি হংকংয়ে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক রাউন্ডেও দলটির সাফল্য কামনা করেন।

এ বিজয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আরও একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে।

Link copied!