সোমবার ০৯, নভেম্বর ২০২৬

সোমবার ০৯, নভেম্বর ২০২৬ -- : -- --

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি থেকে,আবেদন জানুয়ারিতে

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ পিএম

ছবি । ক্যাম্পাস রিপোর্ট

২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার আবেদন কার্যক্রম শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। আর ভর্তি পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে। একই সঙ্গে পবিত্র রমজান মাস বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

সোমবার (৯ নভেম্বর) ইউজিসি কার্যালয়ে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব তথ্য জানান কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি, শিক্ষার্থীদের স্বার্থ এবং বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমের মধ্যে সমন্বয়ের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।

আলোচনার ভিত্তিতে আগামী জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং ফেব্রুয়ারি থেকে পরীক্ষা আয়োজনের বিষয়ে সর্বসম্মত ও সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পরীক্ষার তারিখ নির্ধারণ ও ঘোষণা করবে।

তিনি আরও জানান, ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রাখার জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউজিসি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান, তা নিশ্চিত করতে চায় কমিশন।

এর আগে ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ইউজিসির সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Link copied!