প্রকাশিত: ০৯ জুন ২০২৬, ১২:০২ পিএম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরীণ সড়কগুলোর সংস্কারকাজ দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।
সোমবার (৮ জুন) সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
সাক্ষাতের শুরুতে উপাচার্য ও সিসিক প্রশাসক পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা একে অপরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বৈঠকে উপাচার্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরীণ সড়কগুলোর বর্তমান অবস্থার কথা তুলে ধরে দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রমের অনুকূল পরিবেশ এবং শিক্ষার্থীদের নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিলেট সিটি কর্পোরেশনের সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সিসিকের ধারাবাহিক সহায়তা কামনা করেন এবং এ পর্যন্ত পাওয়া সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, 'শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটসহ সারা দেশের একটি অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।'
তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয় ও নগরের সমন্বিত উন্নয়নে ভবিষ্যতেও একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় পক্ষ।
