রবিবার ২৪, মে ২০২৬

রবিবার ২৪, মে ২০২৬ -- : -- --

ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা ও অনুভূতি

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে ২০২৬, ০৭:৩০ পিএম

ত্যাগ, আত্মশুদ্ধি ও পারিবারিক বন্ধনের বার্তা নিয়ে মুসলিম উম্মাহর দুয়ারে এসেছে পবিত্র ঈদুল আযহা। দীর্ঘ ক্লাস-পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, সংগঠন ও ব্যস্ত ক্যাম্পাস জীবনের চাপ কাটিয়ে ঘরে ফেরার আনন্দে এখন মুখর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস। পরিবারের সান্নিধ্য, শৈশবের বন্ধুদের সঙ্গে দেখা আর কিছুটা মানসিক প্রশান্তির প্রত্যাশায় শিক্ষার্থীরা ফিরছেন আপন ঠিকানায়।

ঈদকে ঘিরে পবিপ্রবি শিক্ষার্থীদের অনুভূতি, প্রত্যাশা ও ভাবনা নিয়ে আয়োজন করা হয়েছে “পবিপ্রবি শিক্ষার্থীদের ঈদ ভাবনা”।

ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ মুহসিন তানজিম বলেন, বিশ্ববিদ্যালয়ে ওঠার পর ঈদ মানেই পরিবারের কাছে ফেরা, মায়ের হাতের রান্না আর বন্ধুদের সঙ্গে আড্ডা। তবে এবারের ঈদের আনন্দের মাঝেও ক্যাম্পাসের বর্তমান অচলাবস্থা তাকে হতাশ করছে। তিনি মনে করেন, শিক্ষক রাজনীতির প্রভাব শিক্ষার্থীদের একাডেমিক জীবনকে ব্যাহত করছে এবং এতে সেশনজটের আশঙ্কা বাড়ছে। একইসঙ্গে তিনি শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান।

এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী মো. ফারহান সাদিক ঈদুল আযহাকে আত্মত্যাগ ও মানবিকতার শিক্ষা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন মানুষকে স্বাবলম্বী করলেও উৎসবের সময় পরিবারের অভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। তাঁর মতে, ঈদ শুধু ধর্মীয় উৎসব নয়; এটি সহমর্মিতা, সামাজিক দায়বদ্ধতা ও আত্মশুদ্ধিরও উপলক্ষ।

একই অনুষদের শিক্ষার্থী মাসুদা আক্তার রিফা বলেন, কোরবানি কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের ভেতরের অহংকার, হিংসা ও নেতিবাচক প্রবৃত্তিকে ত্যাগ করার শিক্ষা দেয়। পাশাপাশি তিনি প্রাণীদের প্রতি সহানুভূতিশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থী মেহেরুন্নেছা লাবনী বলেন, ঈদুল আযহা মানুষকে আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। ব্যস্ত একাডেমিক জীবনের অস্থিরতার মাঝেও পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি এনে দেয় বলে তিনি মনে করেন।

এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থী মাহফুজুর রহমান মিশু বলেন, বিশ্ববিদ্যালয় জীবন স্বাধীনতা দিলেও পরিবার থেকে দূরে থাকার কষ্ট সবসময়ই অনুভূত হয়। ঈদের ছুটি সেই দূরত্ব সাময়িকভাবে ঘুচিয়ে দেয় এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো সময় নতুন উদ্যম জোগায়।

আইন ও ভূমি প্রশাসন অনুষদের শিক্ষার্থী শুভ রায় চৌধুরী বলেন, ঈদ শুধু কোরবানির উৎসব নয়, এটি মানুষের ভেতরের সংকীর্ণতা ও অহংকার দূর করার শিক্ষা দেয়। তাঁর মতে, ক্যাম্পাসের শিক্ষা যেমন বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটায়, তেমনি ত্যাগের এই উৎসব মানুষকে মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে।

শিক্ষার্থীদের প্রত্যাশা—ত্যাগ, সম্প্রীতি ও মানবিকতার বার্তা নিয়ে এবারের ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সৌহার্দ্য ও নতুন উদ্যম।

Link copied!