প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৩ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়া আপিলের মাধ্যমে পুনরায় ফিরেছে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (৭ ডিসেম্বর) এই তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জকসু ও হল শিক্ষার্থী সংসদ সংক্রান্ত বিধিমালা অনুযায়ী পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে ১৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এরপর তাদের মধ্যে ১৫ জন জকসু নির্বাচনের বিধি ১৫(৬) অনুযায়ী প্রার্থিতা বহাল রাখার জন্য আপিল করেন। যাচাই-বাছাই শেষে ছয়জনের আবেদন মঞ্জুর করা হয় এবং তাঁরা এবার নির্বাচনে অংশ নিতে পারবেন।
আপিলে মনোনয়নপত্র ফিরে পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন: স্বতন্ত্র প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী মিঠুন চন্দ্র রায়, বাম জোট সমর্থিত ‘মওলানা ভাসানী বিগ্রেড’ প্যানেলের ক্রীড়া সম্পাদক প্রার্থী মুগ্ধ আনন, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ক্রীড়া সম্পাদক প্রার্থী মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম। এছাড়া স্বতন্ত্র প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য প্রার্থী হিসেবে হাসনান আল সাবিত, মো. জাহিদুল ইসলাম রিফাত ও মো. শিহাব উদ্দীন হিফজুও অন্তর্ভুক্ত।
জকসু নির্বাচনে মোট ২৬৭ জন প্রার্থী ফরম সংগ্রহ করেন। পরে ২১টি পদের বিপরীতে ২১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ের পর ১৭ জন বাদ পড়েন এবং ১৯৪ জনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান সংবাদদাতাকে বলেন, ‘বাদ পড়া প্রার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট আপিল করলে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থিতা পুনরায় অনুমোদন দেওয়া হয়।’
জানা গেছে, জকসু নির্বাচনে ভোটগ্রহণ আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেছে যে নির্বাচনী প্রক্রিয়া শৃঙ্খলাবদ্ধ ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে, যাতে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন।
