প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫, ১২:২১ এএম
বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি আজম খান আবারও নতুন উদ্যমে ফিরে এলেন তার হাতে গঠিত ব্যান্ড ‘উচ্চারণ’ এর মাধ্যমে। ২০১১ সালের ৫ জুন প্রয়াত এই সংগীতশিল্পী এক বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধেও অংশ নিয়েছিলেন। স্বাধীনতার পর তিনি বন্ধুদের নিয়ে ১৯৭২ সালে ব্যান্ড ‘উচ্চারণ’ গড়ে তোলেন।
আজম খানের মৃত্যুর পর ব্যান্ডের কার্যক্রম প্রায় থমকে গিয়েছিল। তবে ১৪ বছর পর, পরিবারের উদ্যোগ, ব্যান্ডের সদস্যদের ও ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠানের সমন্বয়ে ব্যান্ডটি নতুন উদ্যমে ফিরছে। ৮ নভেম্বর ঢাকার ধানমন্ডিতে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে আজম খানের কন্যা অরনী খান, ব্যান্ডনেতা দুলাল জোহা ও অন্যান্য সদস্য, সাউন্ড ইঞ্জিনিয়ার শোভন, ব্যবস্থাপক এজাজ রহমান এবং কুল এক্সপোজার এর প্রধান নির্বাহী এরশাদুল হক অংশ নেন।
চুক্তি অনুযায়ী আজম খানের নাম, ছবি ও সৃষ্টিশীল কাজের কপিরাইট পরিবার নিয়ন্ত্রণ করবে, আর কুল এক্সপোজার প্রচারণা, রয়্যালটি ব্যবস্থাপনা ও কনসার্ট পরিচালনা করবে। ব্যান্ডনেতা দুলাল জোহা জানান, “এই চুক্তি শুধু উচ্চারণের জন্য নয়, বরং আজম খানের সংগীত ঐতিহ্যকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার এক ঐতিহাসিক পদক্ষেপ।”
বর্তমান লাইনআপে রয়েছেন দুলাল জোহা (ভোকাল ও রিদম গিটার), পেয়ারু খান (ভোকাল ও পারকেশান), সেকান্দার আহমেদ খোকা (বেজ গিটার), পার্থ মজুমদার (লিড গিটার), প্রেম (কিবোর্ড) ও বাপ্পী (ড্রামস)। ব্যান্ড আগামী বছর দেশে ও বিদেশে একাধিক লাইভ কনসার্ট এবং টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেবে।
আজম খানের প্রথম অডিও ক্যাসেট ‘এক যুগ’ ১৯৮২ সালে প্রকাশিত হয়। তার সঙ্গীতভূবন ছাড়াও ক্রিকেট, অভিনয় ও সাঁতার প্রশিক্ষণে তিনি দারুণ সক্রিয় ছিলেন। আজম খানের গানের অ্যালবাম সংখ্যা ১৭টি, যা বাংলা ব্যান্ড সংগীতের ইতিহাসে অমর হয়ে থাকবে।
