প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫, ১২:১৯ পিএম
“ইকো বিটস্” শিরোনামে- নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি (ইএসটি) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
যবিপ্রবি ইএসটি বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আজ সোমবার ২৪ নভেম্বর দুপুর ১২টায় নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান, অন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, জীবনের প্রতিটি বাঁধা অতিক্রম করলে একটি সফলতা আসবে। নতুন সূর্যদয় ঘটবে। জীবনের কোন পরিশ্রমই বৃথা যায়না। পরিশ্রম করলে সফলতা আসবেই। তোমাদের স্ব-উদ্যোগে কাজ করতে হবে। নিজের উদ্যোগ, নৈতিকতা, শিক্ষা ও শ্রমকে কাজে লাগিয়ে সঠিকভাবে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তোমার চারপাশে বিদ্যমান সকলের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। তবেই তুমি জীবনে সফল হতে পারবে ও তোমার সফলতায় তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন তথা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সফল হবে।
ইএসটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোপাল চন্দ্র ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন। আড়ম্বরপূর্ণ জমকালো এই অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার ও অত্র বিভাগের শিক্ষক অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা। অনুষ্ঠানে ইএসটি বিভাগের শিক্ষক ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএসটি বিভাগের শিক্ষার্থী ফরহাদ ইসলাম ও অনসূয়া দাস। সন্ধ্যায় বিভাগটির শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
